বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একই তালিকায় বাংলাদেশের আরও দুই নারী মানবাধিকারকর্মী স্থান পেয়েছেন।
সম্প্রতি জর্দানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ১৮তম বার্ষিক সংস্করণে এ তথ্য উঠে এসেছে।
তালিকায় তারেক রহমানকে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েও বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন।
প্রকাশনায় আরও বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। পরবর্তী সময়ে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় বিএনপি। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর রাষ্ট্রক্ষমতায় ফেরে দলটি।
২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে এবং নির্বাচিত বিএনপি সরকারের যাত্রা শুরু হয়।
এদিকে তালিকায় বাংলাদেশের অন্য দুই প্রতিনিধি হলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা। তাঁরা দুজনই ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে স্থান পেয়েছেন।
ড. হামিদা হোসেন একজন প্রখ্যাত মানবাধিকারকর্মী ও গবেষক। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে দীর্ঘদিনের ভূমিকার স্বীকৃতি হিসেবে নিয়মিত এই তালিকায় জায়গা পাচ্ছেন তিনি।
অন্যদিকে, রাজিয়া সুলতানা একজন আইনজীবী ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা সংকট, শরণার্থী নারী ও শিশুদের অধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের জন্য তিনি পরিচিতি পেয়েছেন।
এর আগে ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তাঁর নাম রাখা হয়নি।
প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। এতে কেবল শীর্ষ ৫০ ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়।
অবশিষ্ট ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো ক্রম বা অবস্থান না দিয়ে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে ভাগ করা হয়েছে। ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তিনজনই এই র্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।



























