রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ১৪ নভেম্বর ২০২৬

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
ছবি: সংগৃহীত

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার কারণে এখন পর্যন্ত ১৪৭টি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মাহমুদ হাসান খান বলেন, পোশাকশিল্পে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে কারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি আয়ের খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, দেশের পোশাকশিল্প ও অর্থনীতির ক্ষতি করতে চায় এমন একটি গোষ্ঠী বিভিন্ন সময়ে শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই গোষ্ঠীর পরিচয়ও বদলে যায়।

বিজিএমইএ সভাপতি বলেন, বিজিএমইএ কিংবা বিকেএমইএ কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক সংগঠন নয়। সংগঠনের নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে সংগঠনগুলোর নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। যে সরকারই ক্ষমতায় থাকুক, তাদের সঙ্গে কাজ করে সহযোগিতার চেষ্টা করে বিজিএমইএ।

পোশাকশিল্পে অস্থিরতার সময়কাল তুলে ধরে তিনি বলেন, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবে এর আগেই অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিল্প খাতে বিশৃঙ্খল পরিস্থিতির সূত্রপাত হয়।

তিনি আরও বলেন, অক্টোবরের আগে শ্রমিকদের পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়েছিল, সেগুলোর যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য বা যৌক্তিক নয়।

মাহমুদ হাসান খান বলেন, মজুরি বোর্ড গঠনের প্রথম দিনেই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে মালিকপক্ষকে চাপে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানোর উদ্দেশ্য থাকতে পারে। এ ছাড়া এর পেছনে অন্য কোনো অভিসন্ধিও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পোশাকশিল্পের মালিক ও সংশ্লিষ্ট সবাই দেশপ্রেমিক এবং আইন মেনে চলতে আগ্রহী উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে আইন মেনে চলতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়েও আহ্বান জানান তিনি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়