রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ১৪ নভেম্বর ২০২৬

পিটার হাস এখন ঢাকায়

পিটার হাস এখন ঢাকায়
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

আকস্মিক এ সফরে শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টায় তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে তার।

বাংলাদেশে প্রায় তিন বছর মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাস ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।

এরপর তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির বাংলাদেশপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কৌশলগত উপদেষ্টা হিসেবেও কাজ করছেন তিনি।

তবে পিটার হাসের এবারের ঢাকা সফরের উদ্দেশ্য কী, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সফরটি ব্যবসায়িক কারণে, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অ্যাকসিলারেট এনার্জি। এর একটির মালিক তারা নিজে। অন্যটি সামিট গ্রুপের কাছ থেকে ভাড়া নেওয়া। এছাড়া ২০২৬ সালের শুরু থেকে এই প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনার চুক্তিও রয়েছে সরকারের।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ঘাটতি কমাতে বাংলাদেশ জ্বালানি আমদানির একটি দীর্ঘমেয়াদি চুক্তি করে। সেই চুক্তির আওতায় মার্কিন কোম্পানি অ্যাকসিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে বাংলাদেশে ১ লাখ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করবে।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই পিটার হাস বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দেন। এর অংশ হিসেবে তিনি নির্বাচন কমিশন, সুশীল সমাজ, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়