রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৬, ১৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞান-গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

বিজ্ঞান-গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার বিকাশে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি অর্থ বরাদ্দের পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ‘কেমিক্যাল ইনোভেশন ফর ফিউচার চ্যালেঞ্জ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধীনে হিট প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। দেশে গবেষণা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ চলমান। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, নতুন উদ্ভাবন এবং গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে সরকার আরও বিনিয়োগ করতে আগ্রহী।

দেশের মানবসম্পদের সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার যথেষ্ট সামর্থ্য রয়েছে। সম্প্রতি বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ জন বিজ্ঞানীর স্থান পাওয়া দেশের জন্য গর্বের বিষয়। মানবসম্পদকে কেবল অদৃশ্য সম্পদ হিসেবে সীমাবদ্ধ না রেখে উৎপাদনশীল ও দৃশ্যমান সম্পদে পরিণত করতে হবে। এ লক্ষ্যেই কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

পাটের বহুমুখী ব্যবহার ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, উদ্ভিদের আঁশ দিয়ে পোশাক তৈরির পাশাপাশি পাটের আঁশের নানা ধরনের ব্যবহার নিশ্চিত করার সুযোগ রয়েছে। পাট অত্যন্ত মূল্যবান সম্পদ হলেও এর বহুমুখী ব্যবহার এবং পাটজাত পণ্যের বৈচিত্র্য আনতে বাংলাদেশ এখনো প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি।

তিনি বলেন, পাটের আঁশ ব্যবহার করে নতুন নতুন পণ্য উদ্ভাবনে গবেষণা বাড়াতে হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব ও সহজে পচনশীল পাটের ব্যাগের ব্যবহার সম্প্রসারণেরও যথেষ্ট সুযোগ রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়