শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আইনের মাধ্যমেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আপিলের নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে তা মওকুফের (ডিলে কনডন) কোনো সুযোগ নেই বলে জানান আসাদুজ্জামান। তিনি বলেন, বিশেষ আইনে এ ধরনের সুযোগ রাখা হয়নি। আইনটি তারাই প্রণয়ন করে গেছেন। আমাদের সংবিধানও রয়েছে।
এ প্রসঙ্গে সংবিধানের ১৯৭৩ সালের সংশোধনীর বিষয়টি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এই সংশোধনী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানই করেছিলেন।
শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে শুক্রবার বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তার প্রত্যাবর্তনের আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চান সাংবাদিকেরা। জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। উনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।’
শেখ হাসিনাকে ভারত সরকার তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ওনারা বলতে পারবেন।’



























