পিএসজিতে খেলার স্বপ্ন রোনালদোর!
রিয়াল মাদ্রিদে থাকতেই ফরাসি ক্লাব পিএসজির জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন তথ্য জানিয়েছেন ফ্রান্স ফুটবলের সাবেক প্রধান সম্পাদক ও ব্যালন ডি’অরের সাবেক দায়িত্বপ্রাপ্ত পাসকাল ফেরে।
ইউরোস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরে জানান, ২০১৬ সালে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ের পর রোনালদোর সঙ্গে এক নৈশভোজে দেখা হয়েছিল তাঁর। সেখানে ফ্রান্স ফুটবলের আরও ১৫ থেকে ২০ জন কর্মী উপস্থিত ছিলেন। সেই আড্ডাতেই পিএসজিকে ঘিরে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা।
ফেরে জানান, রোনালদো বলেছিলেন, একদিন পিএসজির জার্সি পরে পার্ক দে প্রিন্সেসে খেলতে চান তিনি। সে সময় গ্যালারিতে তাঁকে সমর্থন জানাতে উপস্থিত থাকবেন ৫০ হাজার পর্তুগিজ সমর্থক—এমন কল্পনার কথাও তুলে ধরেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
ফেরের ভাষ্য অনুযায়ী, রোনালদো কথাটি কিছুটা রসিকতার ছলে বললেও পিএসজির হয়ে খেলার ইচ্ছা তাঁর সত্যিই ছিল। প্যারিসে উল্লেখযোগ্যসংখ্যক পর্তুগিজ মানুষের বসবাসও এই আকাঙ্ক্ষার পেছনে একটি কারণ ছিল বলে মনে করেন তিনি।
সে সময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলছিলেন রোনালদো। তবে শেষ পর্যন্ত পিএসজির জার্সিতে তাঁকে দেখা যায়নি। ২০১৮ সালে স্প্যানিশ ক্লাবটি ছেড়ে ইতালির জুভেন্টাসে যোগ দেন তিনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় দফায় খেলেছেন এই ফরোয়ার্ড। ২০২৩ সালে পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল নাসরে। পিএসজির হয়ে খেলার স্বপ্নের কথা সামনে এলেও শেষ পর্যন্ত প্যারিসের ক্লাবটিতে আর খেলা হয়নি তাঁর।



























