সিমাগো র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে ইসলামী বিশ্ববিদ্যালয়
স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশ করেছে। এবারের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয় চতুর্থ অবস্থানে রয়েছে।
সিমাগো ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন- এ তিনটি সূচকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১৪তম, ১৯তম ও ৪তম।
সিমাগো র্যাঙ্কিংয়ে এগ্রিকালচার এন্ড বায়োলজিকাল সাইন্সে ইসলামী বিশ্ববিদ্যালয় ১৭৩৯তম, এশিয়ায় ৫৭৭তম এবং বাংলাদেশে ৭ম স্থানে রয়েছে। বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স এন্ড মলিকুলার বায়োলজিতে বিশ্বে ১৭৪৪তম, এশিয়ায় ৪৩১তম এবং বাংলাদেশে ১ম স্থান অর্জন করেছে। কেমিস্ট্রি বিশ্বে ৫২০তম, এশিয়ায় ১৫৪তম এবং দেশে ৩য় অবস্থানে রয়েছে। এনার্জি বিশ্বে ২১৭০তম, এশিয়ায় ৮৪৮তম এবং বাংলাদেশে ১৮তম স্থানে রয়েছে। এনভায়রনমেন্টাল সাইন্স বিষয়ে বিশ্বে ৪১০তম, এশিয়ায় ২০৬তম এবং দেশে ২য় স্থান অর্জন করেছে। ম্যাথেমেটিক্স বিষয়ে বিশ্বে ১২৩০তম, এশিয়ায় ৩৬৯তম এবং বাংলাদেশে ৬ষ্ঠ স্থানে রয়েছে।
গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন, এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র্যাঙ্কিং (overall ranking) প্রকাশ করে থাকে। সার্বিক র্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবে ২০% ওয়েট দিয়ে থাকে।
সিমাগো র্যাঙ্কিং অনুযায়ী, ২০২৬ সালে দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয় হল যথাক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।



























