শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪১, ২৮ আগস্ট ২০২৬

৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গোবিপ্রবিতে গবেষণা সম্মেলন শুরু

৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গোবিপ্রবিতে গবেষণা সম্মেলন শুরু
ছবি: প্রতিনিধি

দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’ শুরু হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) শুরু হওয়া এ সম্মেলনে সাতটি বিষয়ভিত্তিক অধিবেশনে নির্বাচিত ৬৬টি গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা করা হবে।

‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো এ গবেষণা সম্মেলনের আয়োজন করেছে জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল (জিএসটিইউজিএসি)।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “জ্ঞানের কোনো সীমা-পরিসীমা নেই। আমরা প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই এবং কিছু না কিছু শিখি। সে কারণে এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আয়োজন গবেষণায় আগ্রহীদের উৎসাহিত করার পাশাপাশি অন্যদেরও অনুপ্রাণিত করবে। এই গবেষণা সম্মেলন শিক্ষার্থীদের জীবনে পাথেয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সজীব বালা, গোবিপ্রবির প্রক্টর ড. এস এম আহসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব।

সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিয়াজ আল হাসান জানান, সম্মেলনে সাতটি বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে চারটি সেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে নির্বাচিত ৬৬টি গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা করা হবে। পরে গবেষণাপত্রগুলো ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও গোবিপ্রবির শিক্ষকরা দায়িত্ব পালন করবেন।

আয়োজকদের আশা, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সম্মেলন আন্তঃবিষয়ক গবেষণার সুযোগ তৈরি, গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক যোগাযোগ আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

জনপ্রিয়