অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই : তথ্য উপদেষ্টা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, প্রয়োজন গণমাধ্যম ও তথ্য যাচাই বিষয়ে মানুষের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বৃহস্পতিবার রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) উইক ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ভুল তথ্য, অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্যের বিস্তার শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। বিশেষ করে রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে এ ধরনের তথ্য সারা বিশ্বেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তবে বাংলাদেশে গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ে মানুষের সচেতনতা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
তিনি বলেন, অপতথ্য প্রতিরোধে সরকার যৌক্তিক আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেবে। তবে আইন প্রণয়নের পাশাপাশি মানুষকে শিক্ষিত ও সচেতন করে তোলার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়স্কদের অসচেতনতার প্রসঙ্গ তুলে ধরে উপদেষ্টা বলেন, দেশের অনেক শিক্ষিত অবসরপ্রাপ্ত ব্যক্তিও কোনো খবরের উৎস জানতে চাইলে বলেন, তাঁরা সেটি ফেসবুক থেকে পেয়েছেন। প্রয়োজনীয় জ্ঞান ও প্রস্তুতি ছাড়াই বয়স্কদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমের সংস্পর্শে এসেছেন। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে।



























