প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব
জাপান সফর শেষে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বের মুখে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। ত্রুটি শনাক্ত হওয়ার পর বিমানটিকে টারমাকে ফিরিয়ে নেওয়া হয়। এতে ঢাকায় ফেরার যাত্রা বিলম্বিত হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির বিষয়টি জানান। এ কারণে ফ্লাইটের যাত্রা বিলম্বিত হচ্ছে জানিয়ে যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেন তিনি।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পাশাপাশি দেশটির বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ ছাড়া কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়।
সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী। চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার সময় তাঁর বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঢাকায় ফেরার যাত্রা বিলম্বিত হচ্ছে।



























