সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবে
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পাশাপাশি দুর্ঘটনায় আহত চালকরাও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে আর্থিক সহায়তা পাবেন। দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে সর্বনিম্ন ৫ লাখ এবং আহতদের ক্ষেত্রে ক্ষতির ধরন অনুযায়ী সর্বনিম্ন ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
শনিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ফরম-৩২ পূরণ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। এ ছাড়া অনলাইনে বিএসপির মাধ্যমেও আবেদন করা যাবে। তবে বিধিমালা অনুযায়ী, দুর্ঘটনার ৯০ দিন পার হলে আর আবেদন করার সুযোগ থাকবে না।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে সহায়তার পরিমাণ উল্লেখ করে বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সর্বনিম্ন ৫ লাখ টাকা দেওয়া হবে। অঙ্গহানি হলে সর্বনিম্ন ৩ লাখ টাকা, গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে সর্বনিম্ন ৩ লাখ টাকা এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে সর্বনিম্ন ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
অনুমোদিত সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে পরিশোধ করা হবে।



























