ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি
ভুটান যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নিয়েছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ ফেডারেশনের অন্য সহ-সভাপতিরা।
ফিফা সভাপতির এই সফর কোনো আনুষ্ঠানিক সফর নয়। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন তিনি। মরক্কো থেকে থিম্পুতে সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় বিরতি নিতে হয়েছে তাকে।
ঢাকায় তার সম্ভাব্য আগমন ঘিরে শনিবার বেশ তৎপর ছিল বাফুফে। তবে শেষ পর্যন্ত তিনি আসবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার দুপুরে ঢাকায় পৌঁছান ইনফান্তিনো।
তবে ঢাকায় তার অবস্থান হবে খুবই সংক্ষিপ্ত। ঘণ্টা দুয়েকের মতো অবস্থানের পর ভুটানের উদ্দেশে বিমানে উঠবেন তিনি।
এর আগে ২০১৯ সালের অক্টোবরেও বাংলাদেশ সফরে এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সে সময় তিনি বাফুফে কার্যালয় পরিদর্শন করেন।



























