শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:১০, ২৯ অক্টোবর ২০২৬

জাপান থেকে রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

জাপান থেকে রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

চার দিনের জাপান সফর শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত সাড়ে ১০টায় তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরে কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সফরসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেন দুই দেশের নেতারা।

এদিকে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া জাপানি বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’-এ যোগ দেন তিনি। সেখানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা, ব্যবসা সম্প্রসারণের সুযোগ এবং বিভিন্ন খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশের বিষয়গুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জনপ্রিয়