জেকে লাইফস্টাইলের উদ্যোগ দেখে সন্তুষ্ট এ জয়া
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এস্থেটিক সার্জন ও এজ ম্যানেজমেন্ট কনসালট্যান্ট মি. এ জয়া প্রকাশ জেকে লাইফস্টাইলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সমন্বিত স্বাস্থ্যসেবা কার্যক্রম, পুষ্টি পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ফিটনেস কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
বুধবার (২৮ অক্টোবর) পরিদর্শনকালে তিনি জেকে লাইফস্টাইলের সঙ্গে সংশ্লিষ্ট ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিষ্ঠানটির সমন্বিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
দীর্ঘদিন ধরে এস্থেটিক সার্জারি ও এজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন মি. এ জয়া প্রকাশ। তার পেশাগত কাজের অন্যতম ক্ষেত্র হলো স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখা, বয়স বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত শারীরিক পরিবর্তন মোকাবিলা এবং চিকিৎসার ফলাফল নিয়ে বাস্তবসম্মত প্রত্যাশা তৈরি করা।
পরিদর্শনকালে জেকে লাইফস্টাইলের সমন্বিত স্বাস্থ্যসেবা উদ্যোগ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি প্রতিষ্ঠানটির চিকিৎসক ও পুষ্টিবিদদের লাইফস্টাইল কনসাল্টেন্সি, অত্যাধুনিক ল্যাবরেটরিতে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনকে উৎসাহিত করার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন।
এ ছাড়া আল্টিমেট অর্গানিক লাইফের অর্গানিক ফুড, জেকে ফুড অ্যারেনার স্বাস্থ্যসম্মত খাবার ও খাদ্যাভ্যাসবিষয়ক উদ্যোগ এবং জেকে ফিটনেস অ্যারেনার বিভিন্ন ফিটনেস কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
জেকে লাইফস্টাইলের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে মি. এ জয়া প্রকাশ মানুষের কল্যাণে এসব উদ্যোগের পরিধি আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আরও বেশি মানুষের কাছে সমন্বিত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন পরামর্শ দেন।
জেকে লাইফস্টাইলের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা। এ লক্ষ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রোজা বা উপবাসের মাধ্যমে অটোফেজি, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তির গুরুত্ব তুলে ধরছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি পুষ্টি পরামর্শ, চিকিৎসকের নির্দেশনা, স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাবার এবং ফিটনেস কার্যক্রমকে সমন্বিত করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে জেকে লাইফস্টাইল।



























